শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

কাগজের দেশ



ঢাকার রাস্তায় বের হলে মন  খারাপ হবেই। কারণটা চিরাচরিত।-- যানযট। ফুটপাত নাই। নিয়ম নাই। যার যেভাবে খুশি, যা খুশি চালাতে পারে। নোংরা রাস্তা। বিপদজনক লাইটপোস্ট থেকে বিপদজনক বৈদ্যুতিক তার ঝুলে আছে মাথার উপর। অতিরিক্ত খুঁটি, বিশ্রামরত বাস, নষ্ট লেগুনা- বা টেম্পু- ইচ্ছামত রাস্তা দখল করে পড়ে আছে।উঁচু-নিচু ভাঙ্গা রাস্তায় জীবন হাতে নিয়ে চলাচল করতে হয়। এই নগরে খুশি মন নিয়ে বেড়ানো যায়না। ছায়া নাই। পাখির ডাক নাই। তাতানো রোদে ঘেমে নেয়ে অজানা আশঙ্কা নিয়ে পথে চলতে হয়। ভুরু কুঁচকে ঘর থেকে বের হয়ে চোয়াল শক্ত করে কর্মক্ষেত্রে ঢুকতে হয়। 
এই শহরের দানবীয় কারখানার ভিতরে আমাদের শিশুগুলো বড় হচ্ছে- কী ই বা শিখছে ওরা! কি নিয়ে বেঁচে থাকছে? ওদের কল্পনার জগতটাও তো ভার্চুয়াল হয়ে যাচ্ছে।
সেজন্য খুঁজে খুঁজে বের করি, ওদের কি দেখানো যায়। রোড ডিভাইডারে লাগানো বিভিন্ন ধরণের গাছগুলো দেখাই। বা রাস্তার ধারের পুরাতন বৃক্ষ।সব গাছ আমিও চিনিনা। কিন্তু বৃষ্টির  পর গাছগুলোর চকচকে পাতা, হাসিখুশি মাথা দোলানো, দূরের কৃষ্ণচূড়ার রঙ, বা কারো বাসায় ছাদ-ভর্তি বাগান – ওরা উপোভোগ করে। ছোট ছোট মানুষ হলেও গাছগুলোর প্রয়োজনীয়তা হয়ত ওরা বুঝতে শিখছে। 
ছোটজন গাছ দেখে বলে, আমি নিব, মা,আমি নিতে চাই।
গাছ নিবে?
-হুম। আমার পছন্দ লাকে।
তাহলে ডাকো। আসতে বল।
-হাত বাড়িয়ে ডাকে, আচো গাছ।আচো। দ্যাখো, আসছেনা !!
ওর কি পা আছে মুনতাহা?
মুনতাহা হিহি করে হেসে দেয়, মুনতাহার বোকামি দেখে মানহাও হাসে। 
রাতের ঢাকায় দেখাই রঙ্গিন আলোকসজ্জা। বিয়েবাড়ি বা দোকান সাজানো থাকেই। বাচ্চারা খুব মজা পায়। আর অন্ধকারে গাছ চোখে পড়লে মুনতাহা চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, ওরা কি ঘুমাচ্ছে, মা?
সিটি করপোরেশনের ভোটের পোস্টার লাগানো শুরু হল। বাচ্চাদের দেখালাম। কি লাগাচ্ছে দ্যাখো।
-কি লাগাচ্ছে মা?
পোস্টার।
পোস্টার কি জানেনা। তাকিয়ে দেখল কাগজ লাগাচ্ছে। মুনতাহা বল্ল, কাগজ ক্যান লাগাচ্ছে?
ভোটের জন্য। ভাবছিলাম, ভোট কেমনে বুঝাই?
মুনতাহা বল্ল, -- না, মা তুমি জানতে পারোনা। এইকুলা তো ছবি।এইকুলা চোরের ছবি। উইযে- সেদিন দেখালো না, সেইরকম লাগাচ্ছে।
মানে কোন একটা কার্টুনে ও দেখেছে, চোরের ছবি সহ পোস্টার লাগাতে।        

এখন তো সারা রাস্তা ছেয়ে গেছে পোস্টারে। এত উঁচুতে লাগানো পোস্টার, কিছুই দেখা যায়না কার নামে পোস্টার, কি মার্কা নিয়ে কে ভোট চাচ্ছে।সারি সারি  পোস্টার, বাতাসে কোন কোন পোস্টার ছিঁড়ে গেছে, কারো কারো দড়ি ঝুলছে, ভাসছে। পুরা যাচ্ছেতাই অবস্থা।
আর রাস্তায় কিছু লাগানো হলে তো সেটা কেউ আর খুলে নিতে প্রয়োজন বোধ করেনা(বিলবোর্ড ছাড়া) -- আবহাওয়া- জলবায়ুর হাতে ছেড়ে দেয়। রাস্তাতেই এই কাগজ-কাপড়ের শোভা ধীরে ধীরে মরে, পচে, গলে, তার পর প্রকৃতিতে নিজ দায়িত্বে বিলীন হয়ে যায়।
পোস্টারে ভরা রাস্তাকে কি বিষেশণ দিব, ভাবছিলাম। ‘টোকাইয়ের ছেড়া জামার মত দেখাচ্ছে’?
বড় মেয়ে বল্ল, মা দ্যাখো, কত কাগজ লাগিয়েছে। দ্যাখো মা।
পুরো গলিতে পোস্টারের ছাদ। ছাদের নিচ দিয়ে মা-মেয়ে সাত সকালে স্কুলে যাচ্ছি। 
বড় মেয়ে বল্ল, মনে হচ্ছে এটা কাগজের দেশ হয়ে গেছে, হ্যাঁ না,মা?
ঘুম ঘুম গলায় আনমনে বিড় বিড় করে বল্ল, 
'পুরাই কাগজের দেশ!!'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন